• রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে পুকুর ভরাটের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার / ৫৭ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ব্যক্তি মালিকানাধীন পুকুরে ময়লা ফেলে পরিত্যক্ত জায়গা দেখিয়ে ভরাট করার অভিযোগে ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুল হুদা মামলাটি দায়ের করেন। বিয়ানীবাজার উপজেলার ফতেপুর মৌজায় হাজি আব্দুস সবুর গং এর মালিকানায় রয়েছে।

মামলার আসামিরা হলেন উপজেলার নবাং গ্রামের আবদুর রশীদ, আবদুস সবুর, আবদুল হাই, আবদুল ফাত্তাহ, করিমুন নেছা, ফয়সল আহমদ ও জয়নাল মিয়া; মাটিজুরা গ্রামের ফরিদা ইয়াসমিন; সুপাতলা গ্রামের সাহাব উদ্দিন সাবু এবং মাথিউরা গ্রামের শাহিনুল ইসলাম। এ ছাড়া অজ্ঞাতপরিচয় তিন-চারজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, অভিযোগ পেয়ে ১৯ এপ্রিল পরিবেশ অধিদপ্তরের একজন পরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন করে পুকুর ভরাটের সত্যতা পান। এ অবস্থায় পুকুর ভরাট বন্ধ রাখতে সংশ্লিষ্ট একজনকে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়। এরপরও রাতের আঁধারে সংশ্লিষ্ট ব্যক্তিরা পুকুর ভরাটের কাজ অব্যাহত রাখেন। এ অবস্থায় ৮ মে রাত ১১টার দিকে স্থানীয় বাসিন্দারা পুকুর ভরাটে বাধা দেন। শনিবার বাদী ঘটনাস্থল পরিদর্শন করে পুকুর ভরাটের সত্যতা পেয়ে থানায় মামলা করেন।

এজাহারে আরও বলা হয়, পুকুরটি বড় ও গভীর ছিল। জমির মালিকেরা ইচ্ছে করে সেখানে ময়লা ফেলে অংশবিশেষকে পরিত্যক্ত করে ধীরে ধীরে ভরাটের উপযোগী করেন। চার থেকে পাঁচ মাস ধরে রাতের অন্ধকারে পুকুরটি ভরাট করেছেন তাঁরা।

পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুল হুদা বলেন, ‘আমরা অভিযোগের সত্যতা পেয়ে মামলা করি। এটা রেকর্ড করা হয়েছে। এর তদন্ত করবেন আমাদের একজন কর্মকর্তা।’

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, পরিবেশ অধিদপ্তর মামলা করেছে। এর তদন্তও করবে পরিবেশ অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category