দেশের খাদ্য সরবরাহ বাড়াতে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এই চাল কেনা হবে। ভারতীয় প্রতিষ্ঠান মেসার্স এসএইএল এগ্রি কমোডিটিজ লিমিটেড এই চাল সরবরাহ করবে। এতে মোট ব্যয় হবে ২৮২ কোটি ৯৬ লাখ টাকা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এদিকে একই বৈঠকে সারের চাহিদা মেটাতে ২ লাখ ৩০ হাজার টন সার আমদানির দর প্রস্তাবের অনুমতি দেওয়া হয়। এই সার কিনতে ব্যয় হবে ৯০০ কোটি টাকা।
বৈঠক সূত্রে জানা গেছে, খাদ্য মজুত বাড়িয়ে সরকারি বিতরণব্যবস্থা সচল রাখার স্বার্থে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতী সেদ্ধ চাল আমদানির জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে পাঁচটি দরপত্র জমা পড়ে। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি-এর সুপারিশ করা সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মেসার্স এসএইএল এগ্রি কমোডিটিজ লিমিটেড থেকে এই চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি মেট্রিক টন ৪৭১ দশমিক ৬০ মার্কিন ডলার হিসাবে ৫০ হাজার টন চাল কিনতে ব্যয় হবে ২ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৮২ কোটি ৯৬ লাখ টাকা। প্রতি কেজি চালের ক্রয় মূল্য হবে ৫৬ টাকা ৫৯ পয়সা।