সিলেট বিভাগে নতুন করে আলোড়ন তুলেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা সমন্বয়ক কমিটি। শহীদ সাংবাদিক আবু তুরাবের ভাই আহসান জাবুর কে সহ-সমন্বয়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ রাজনৈতিক সংগঠক নাজিম উদ্দিন শাহান। এনসিপি প্রতিষ্টার পর থেকে শাহান রাজনীতিতে সক্রিয়।
কমিটিতে তরুণ, প্রগতিশীল চিন্তাধারার প্রতিনিধিত্ব রয়েছে উল্লেখযোগ্য হারে। অনেকেই মনে করছেন, এই কমিটির মাধ্যমে সিলেটে এনসিপির সাংগঠনিক কার্যক্রমে গতি আসবে এবং সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।
আহসান জাবুর এর অন্তর্ভুক্তি নিয়ে এনসিপির এক কেন্দ্রীয় নেতা বলেন, “আবু তুরাব শহীদ হয়েছেন দেশের জন্য, গণতন্ত্রের জন্য। তার ভাই আহসান জাবুর আজ সেই একই চেতনায় এনসিপিতে যুক্ত হয়েছেন। এটা শুধু প্রতীকী নয়, এটি একটি বার্তা আমরা শহীদের রক্তকে সম্মান করি এবং সেই আদর্শে রাজনীতি করতে চাই।”
নতুন কমিটির মাধ্যমে আগামী দিনে সিলেটে এনসিপি তার সাংগঠনিক ভিত্তি আরও শক্ত করবে এবং সংস্কার আন্দোলনের বার্তা ঘরে ঘরে পৌঁছাবে এমন প্রত্যাশা দলীয় নেতাকর্মীদের।