সিলেট সীমান্তে পৃথক অভিযানে এক কোটি ৬৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে সিলেট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৩ নভেম্বর) সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা শ্রীপুর, তামাবিল, সংগ্রাম, সোনারহাট, প্রতাপপুর, পান্থুমাই, উৎমা, মিনাটিলা, কালাইরাগ, কালা সাদেক ও বাংলাবাজারে অভিযান চালায়।
এ সময় ভারতীয় ক্রিম, ফেসওয়াশ, বডি লোশন, ক্রিম, ওষুধ, কম্বল, চিনি, চকলেট, সাবান, গরু, ফেনসিডিল, বাংলাদেশি রসুন, শিংমাছ এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬৫ লাখ ৯ হাজার ৫০০ টাকা।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে চোরাই মাল জব্দ করা হয়। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।