টঙ্গীর ইজতেমার ময়দানে সংঘর্ষের ঘটনায় করা মামলায় মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী মোয়াজ বিন নুরকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
শুক্রবার (২০ ডিসেম্বর) ভোরে রাজধানীর খিলক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোয়াজ বিন নুর উত্তরার ৭নং সেক্টরের বাসিন্দা।
জিএমপির টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিব ইস্কান্দার এ তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, ‘গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা জুবায়েরের অনুসারী এস এম আলম হোসেন বাদী হয়ে থানায় এ মামলাটি করেন। মামলা দায়েরের পরপরই অভিযান পরিচালনা করে পুলিশ। শুক্রবার ভোর চারটার দিকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে মোয়াজ বিন নুরকে গ্রেপ্তার করা হয়। সকাল সাতটার দিকে মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানায় তাকে হস্তান্তর করা হয়।’
তিনি আরও জানান, মামলায় মাওলানা সাদ কান্ধলভীর ২৯ জন অনুসারীর নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েক শ জনকে আসামি করা হয়েছে। ওই মামলার ৫নং আসামি মোয়াজ বিন নুর।