সিলেটে ২৪৫ বস্তা চোরাই চিনিসহ ড্রামট্রাকের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় চেকপোস্ট বসিয়ে এসব চিনি জব্দ করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহ পরাণ থানা-পুলিশ।
রবিবার (৫ জানুয়ারি) এসএমপির মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় শাহ পরাণ থানায় মামলা করে আটক ট্রাকচালককে
গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে শাহ পরাণ থানার মুরাদপুর এলাকায় অবস্থানকালে চোরাই চিনি পরিবহনের সংবাদ পায় পুলিশ। তামাবিল রোড দিয়ে ভারতীয় চিনি বহনকারী একটি হাইড্রোলিক ড্রামট্রাক সিলেট শহরের দিকে আসছে এমন সংবাদ পেয়ে সুরমা বাইপাস পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট বসালে সেখানে ট্রাকটি থামে। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে নীল ত্রিপল দিয়ে মোড়ানো ২৪৫ বস্তা ভারতীয় চিনি পাওয়া যায়। বস্তায় হোয়াইট ক্রিস্টাল সুগার, ইন্ডিয়া (WHITE CRYSTAL SUGAR, INDIA) লেখা রয়েছে। প্রতিটি বস্তায় ৪৯ কেজি করে মোট ১২ হাজার পাঁচ কেজি চিনি জব্দ করা হয়। বর্তমান বাজারদর অনুযায়ী চিনির মূল্য ১৪ লাখ ৪০ হাজার ৬০০ টাকা।
এতে আরও বলা হয়, চোরাই চিনি পরিবহনে ব্যবহার করায় ড্রামট্রাকটি জব্দ করা হয়। আর চালক আব্দুল আমিন কালা (৪০) চিনি পরিবহনের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাকে চোরাচালানির সহযোগী হিসেবে আটক করে শনিবার রাতে শাহপরাণ থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।