• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

পাঁচ শতাধিক শিক্ষার্থীকে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের বৃত্তি প্রদান

সিনিয়র স্টাফ রিপোর্টার / ১৬৩ Time View
Update : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মিণী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডেপুটি রেজিস্টার তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে স্বাচ্ছন্দ্যবোধ করায় বিপুলসংখ্যক প্রবাসী দেশে এসেছেন। আমি অন্তত এটা মনে করছি। কারণ বিগত সরকার সমস্ত কিছু দলীয়করণ করে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে, সাধারণ মানুষ যারা আওয়ামী লীগ করে না, তাদেরকেও তারা তাদের বিরোধীপক্ষ মনে করতো। যে কারণে প্রবাসীরাও দেশে আসাকে নিরাপদ মনে করেন নাই।’

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে সিলেটের বিশ্বনাথে ‘বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি বিশ্বনাথ পৌরসভার রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৫ম, ৮ম শ্রেণির এবং উচ্চ মাধ্যমিক ও ডিগ্রিতে অধ্যয়নরত ৫৭৪জন শিক্ষার্থীকে নগদ প্রায় ২২ লক্ষ টাকার বৃত্তি প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে তাহসিনা রুশদীর লুনা আরও বলেন, ‘বিশ্বনাথের শিক্ষার মান উন্নয়নে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে যে ভূমিকা পালন করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। তবে আমি মনে করি, শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও আধুনিক শিক্ষার কলাকৌশলের প্রশিক্ষণ দিয়ে দক্ষ শিক্ষক হিসেবে গড়ে তুলতে কাজ করতে হবে। ছেলেদের চেয়ে মেয়েদের লেখাপড়ার প্রতি আগ্রহ বেশি। সবাইকে লেখাপড়ার প্রতি সমানভাবে আগ্রহী করে তুলতে কাজ করা জরুরী।’

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ট্রাস্টের উপদেষ্টা কমিটির সভাপতি সুনন্দা রায়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোলজার খান, যুগ্ম সম্পাদক কবির মিয়া ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন ট্রাস্টের সভাপতি মাফিজ খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সিলেটের আঞ্চলিক পরিচালক নুরে আলম, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, ট্রাস্টের সাবেক ট্রেজারার আব্দুস সাত্তার, ট্রাস্টি গৌছ আলী, আব্দুর রুপ, আব্দুল মজিদ, খলিলুর রহমান, বিশ্বনাথ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, ওয়ান পাউন্ড হসপিটালের সিইও ডা. শানুর আলী মামুন, ট্রাস্টের সহসভাপতি মিসবাহ উদ্দিন, প্রফেসর ফরিদ আহমদ, কার্যনির্বাহী সদস্য নেছার আলী লিলু, মবশ্বির আলী, ট্রাস্টি নেছার আলী, সলিসিটর আনছার হাবিব, বাবরুল হোসেন বাবুল, তোফাজ্জল আলম তোফায়েল, মুমিন খান মুন্না, ফারুক মিয়া, আব্দুল কুদ্দুস, ড. মুজিবুর রহমান, আনোয়ার খান, জামাল আহমদ, আবুল খয়ের, জাকির হোসেন কয়েছ, শেখ হারুনুর রশিদ, আব্দুল ওয়াহিদ আলমগীর, শেখ আবুল বাশার।

অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন ট্রাস্টের বৃত্তি পেয়ে উচ্চতর শিক্ষা অর্জন করা প্রদীপ পাল। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শেষে প্রয়াত সকল ট্রাস্টিদের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category