এক যুবকের নিখোঁজ হওয়া নিয়ে সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তরকুল সীমান্তে বাংলাদেশী ও ভারতীয় নাগরিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয়েছেন ডিপজল নামের ওই যুবক। তার মরদেহ সীমান্তের ওপারে আটকে রাখা হয়েছে। যদিও এমন অভিযোগের সত্যাতা এখনও খুঁজে পায়নি বিজিবি।
এদিকে, এই ঘটনার জেরে মঙ্গলবার (১৬জুন) সীমান্তবর্তী ভারতীয় এক নাগরিককে ‘তুলে নিয়ে আসেন’ বাংলাদেশীরা। এ নিয়ে দুই দেশের সীমান্তবর্তী লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরে মঙ্গলবার রাত ১০টার দিকে রঞ্জিত দাস (৬৫) নামের ওই ভারতীয় নাগরিককে উত্তরকুল সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে হস্তান্তর করা হয়।
নিখোঁজ ডিপজল আহমদ বারঠাকুরী ইউনিয়নের দিগালিগ্রামের আহমদ আলীর ছেলে। তিনি এখনও নিখোঁজ রয়েছেন বলে বুধবার দুপুরে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে তিনি কীভাবে নিখোঁজ হয়েছেন তা নিশ্চিত করে জানতে পারেনি বিজিবি।
স্থানীয়দের দাবি, গত রোববার রাতে ডিপজলসহ কয়েকজন যুবক ভারতের অভ্যন্তরে যান। ফেরার পথে ভারতের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে এবং গুলি চালায়। এ সময় ডিপজলের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে দেশে ফিরলে ডিপজল নিখোঁজ রয়েছেন। বিএসএফের গুলিতে ডিপজলের মৃত্যু হয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা।